দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়ানোর পর বাজারে বিনিয়োগকারীদের অবস্থান পুনর্বিন্যাস এবং ডলারের দর কমে আসায় বৃহস্পতিবার বিশ্ববাজারে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে। একই সময়ে তেলের দাম কমে আসায় স্বর্ণের দামে বাড়তি সমর্থন তৈরি হয়েছে।
বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় সকাল ৮টা ৪৮ মিনিটে প্রতি আউন্স স্পট স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৪ হাজার ৩১২ দশমিক ০৫ ডলারে দাঁড়ায়। এর আগে বুধবার স্বর্ণের দাম প্রায় ছয় সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছিল। অন্যদিকে ডিসেম্বর সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ভবিষ্যৎ চুক্তির দাম শূন্য দশমিক ৮ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৩৫১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষক রস নরম্যান বলেন, ‘আমার ধারণা, সুদের হার বাড়বে এমন প্রত্যাশায় বাজার হয়তো অতিরিক্ত অবস্থান নিয়েছিল। সেই সম্ভাবনা বাড়তে থাকায় এমনটি হয়েছে। এখন সুদের হার বাড়ানো হয়ে যাওয়ায় এসব অবস্থান সমন্বয় করা হচ্ছে।’
এদিকে সাত সপ্তাহের সর্বোচ্চ অবস্থান থেকে ডলারের দর কিছুটা কমেছে। এতে অন্যান্য মুদ্রা ব্যবহারকারীদের কাছে ডলারে নির্ধারিত স্বর্ণ তুলনামূলক সস্তা হয়েছে। পাশাপাশি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা কমে আসায় তেলের দামও আরও কমেছে।
বুধবার ফেডারেল রিজার্ভ সুদের হার বাড়িয়েছে এবং আগামী মাসগুলোতে আরও সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। নতুন প্রধান কেভিন ওয়ারশও সর্বসম্মত সিদ্ধান্তে যুক্ত হন। এই সিদ্ধান্তে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ট্রাম্প প্রশাসনের এখন পর্যন্ত ব্যর্থতার বিষয়টি কার্যত স্বীকার করা হয়েছে। নীতিনির্ধারকেরা আশঙ্কা করছেন, মূল্যস্ফীতি আরও বাড়তে পারে।
স্বর্ণকে সাধারণত মূল্যস্ফীতির বিরুদ্ধে সুরক্ষার মাধ্যম হিসেবে বিবেচনা করা হয়। তবে উচ্চ সুদের পরিবেশে সুদ পাওয়া সম্পদের আকর্ষণ বাড়ায় স্বর্ণের আবেদন কমে যায়।
এদিকে বৃহস্পতিবার ব্যাংক অব ইংল্যান্ড সুদের হার অপরিবর্তিত রাখবে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে শুক্রবার ব্যাংক অব জাপান সুদের হার ৩১ বছরের সর্বোচ্চ পর্যায়ে বাড়াতে পারে।
এক্সএস ডটকমের বাজার বিশ্লেষক লিন ট্রান বলেন, ‘জ্বালানি মূল্য ও সরবরাহজনিত ধাক্কার কারণে যখন মূল্যস্ফীতি বাড়ছে, তখন ফেড নীতি কঠোর করছে। এর ফলে সুদের হার বাড়ানো প্রবৃদ্ধিকে দুর্বল করতে পারে, কিন্তু সব ধরনের মূল্যচাপ দ্রুত সমাধান নাও করতে পারে। ভূরাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকায় এই পরিস্থিতি স্বর্ণের চাহিদার জন্য সহায়ক, বিশেষ করে ঝুঁকি মোকাবিলার মাধ্যম হিসেবে।’
ভূরাজনৈতিক পরিস্থিতিতেও অনিশ্চয়তা রয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধের অবসান কাছাকাছি বলে তিনি আশা করছেন। এর মধ্যেই সৌদি আরবের বিমান হামলায় ইয়েমেনে সংঘাত তীব্র হয়েছে এবং হুতি যোদ্ধারা সৌদি আরবের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
এদিকে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৬৩ দশমিক ৮৩ ডলার হয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ৭৭২ দশমিক ১৯ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৮ শতাংশ বেড়ে ১ হাজার ২৯১ দশমিক ৮৯ ডলারে দাঁড়িয়েছে।
/অ